• জাতীয়

    মাধবপুরে পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ

      প্রতিনিধি 6 February 2026 , 6:00:16

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

    সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। অভিনব কৌশলে পাচারের সময় ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক ওই এলাকায় পৌঁছালে বিজিবির টহল দল সংকেত দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক গ্রেফতারের ভয়ে দ্রুত ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ওষুধ (MELANOCYL) লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব কসমেটিকস, ওষুধসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, অবৈধভাবে আনা জব্দকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, চোরাচালান প্রতিরোধে জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :