প্রতিনিধি 4 February 2026 , 2:01:00
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ২৩টি সবুজ চা বাগানের আড়ালে লুকিয়ে থাকা ঘামে ভেজা জীবনের গল্প বদলাতে স্পষ্ট পরিকল্পনা ও দৃঢ় অঙ্গীকারের কথা সামনে আনলেন বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল। বছরের পর বছর অবহেলিত চা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ আবাসন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই তার নির্বাচনী অঙ্গীকারের কেন্দ্রবিন্দু। চা বাগানের নয়নাভিরাম সবুজের আড়ালে চা শ্রমিকদের বাস্তবতা আজও কঠিন ও বেদনাদায়ক। বাসস্থান সংকট, বিশুদ্ধ পানির অভাব, পয়ঃনিষ্কাশনের অপ্রতুলতা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত জীবনযাপন—এসব সমস্যাই প্রতিদিনের সঙ্গী চা শ্রমিকদের। এই বাস্তবতাকে সামনে রেখেই বিএনপির পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নির্বাচনী প্রচারণায় প্রকাশিত পোস্টারে উল্লেখ করা হয়, চা বাগানে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চা শ্রমিকদের নাগরিক অধিকার ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা, রেশন কোটার মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং দীর্ঘদিনের পানির সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সেকশনভিত্তিক নিরাপদ আবাসন, পয়ঃনিষ্কাশন ও বিশুদ্ধ পানির টেকসই ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিও দেওয়া হয়। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল বলেন, চা শ্রমিকরা শুধু শ্রমিক নন, তারা এই অঞ্চলের অর্থনীতি ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। অথচ স্বাধীনতার পাঁচ দশক পার হলেও তাদের মৌলিক মানবিক অধিকার আজও নিশ্চিত হয়নি। এই অবহেলার রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নই সময়ের দাবি। তিনি আরও বলেন, “পরিকল্পনা আছে, সদিচ্ছা আছে—এবার বাস্তবায়নের পালা। আমি নির্বাচিত হলে চা শ্রমিকদের অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না। সংসদে তাদের কণ্ঠস্বর তুলে ধরাই হবে আমার প্রধান দায়িত্ব।” এদিকে চা বাগান এলাকায় বসবাসরত শ্রমিক ও স্থানীয় সচেতন মহল মনে করছেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের সংকট নিরসনে যদি এ ধরনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে অবহেলিত এই জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা বলছেন, কাগুজে প্রতিশ্রুতি নয়—কার্যকর উদ্যোগই এখন সবচেয়ে জরুরি। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে নির্বাচনী মাঠে সক্রিয় বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সল ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ধানের শীষে ভোট দিন, মানুষের পক্ষে দাঁড়ান। চা শ্রমিকসহ সব অবহেলিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে শরিক হোন।”

















