প্রতিনিধি 25 January 2026 , 6:43:14


এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। গ্রাম থেকে পাড়া-মহল্লা—সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ধানের শীষ প্রতীক। স্থানীয় ভোটারদের ভাষ্য অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ধানের শীষ প্রতীকের পক্ষে স্পষ্ট সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চা শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা একধাপ এগিয়ে ফয়সলের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
চা শ্রমিক নেতা বিজয় সাহা বলেন, “আমরা একজন শ্রমিকবান্ধব ও জনঘনিষ্ঠ প্রতিনিধি চাই। সৈয়দ মোঃ ফয়সল সাহেব সেই যোগ্যতা রাখেন। তাই আমরা সবাই ধানের শীষের পক্ষে কাজ করছি।”
চুনারুঘাটের সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী ভোটার সুষ্মিতা বলেন, “আমাদের নিরাপত্তা ও কল্যাণের প্রশ্নে সৈয়দ মোঃ ফয়সল সবচেয়ে বিশ্বাসযোগ্য। ধানের শীষে তাঁর জয় নিশ্চিত করতে আমরা প্রস্তুত।”
মাধবপুরের যুব ভোটার মোহাম্মদ আজিজ জানান, “গ্রামের প্রতিটি ভোটারকে একসঙ্গে নিয়ে আমরা ফয়সল ভাইয়ের পক্ষে কাজ করছি। এবারের নির্বাচনে তিনিই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।”
চুনারুঘাটের নারী ভোটার শিরিন আক্তার বলেন,
“সৈয়দ মোঃ ফয়সল সাহেবকে নির্বাচিত করা এখন আমাদের দায়িত্ব। আমরা পরিবারে পরিবারে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই এ আসনে ভোটের উত্তাপ চোখে পড়ার মতো। যদিও এই আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে এখন পর্যন্ত অন্য প্রার্থীদের প্রচারণা তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে সবচেয়ে সংগঠিত ও দৃঢ় সমর্থন পাচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল।
উল্লেখ্য, ধানের শীষের পাশাপাশি- ড. আহমদ আব্দুল কাদের (দেয়াল ঘড়ি), মু. রেজাউল মোস্তফা (আপেল), মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া), মো. মুজিবুর রহমান (মই), মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), শাহ মো. আল আমিন (হারিকেন) ও সালেহ আহমদ সাজন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভোটের দিন যত ঘনিয়ে আসবে—মাধবপুর ও চুনারুঘাটে নির্বাচনী উত্তাপ ততই আরও তীব্র হবে।

















