• জাতীয়

    হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়ন বৈধ

      প্রতিনিধি 3 January 2026 , 5:13:26

    হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

    হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সৈয়দ মো. ফয়সলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
    মনোনয়ন বৈধ ঘোষণার সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
    প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার আদর্শ বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মর্যাদা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে সংগ্রাম করে গেছেন।
    সৈয়দ মো. ফয়সল আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই দলটি এগিয়ে যাচ্ছে। এসব দফার মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন ও মানুষের জীবনমান উন্নয়নের অঙ্গীকার।
    হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
    তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে মাধবপুর ও চুনারুঘাটকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করা হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত ২৩টি চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :