• জাতীয়

    পারিবারিক বিরোধে নিরীহ যুবককে ‘শয়তানের নিশ্বাস’ মামলায় ফাঁসানোর অভিযোগ

      প্রতিনিধি 19 December 2025 , 4:36:39

     

    বরিশাল প্রতিবেদক,

    পটুয়াখালীতে পারিবারিক বিরোধের জেরে নিরীহ এক যুবককে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে বরিশালে কর্মরত এস আই জহিরুল হক ও পুলিশ কনস্টবল মোল্লা মাসুমের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, গ্রেপ্তার ও মামলা বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের ঘুষ আদায়ের চেষ্টা করা হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা গাজী নাসির (৩০)-আবদুর রহিম গাজীর ছেলেকে দুই মাস আগে বরিশালে দায়ের হওয়া একটি মামলার অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গত ১৭ ডিসেম্বর র‌্যাব গ্রেপ্তার করে। পরে তাকে বরিশাল কোতয়ালী থানায় হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আদালতে সোপর্দ করা হয়নি।

    পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের প্রতিহিংসা চরিতার্থ করতে এস আই জহিরুল হক ও কনস্টবল মোল্লা মাসুম তার সিনিয়র সহকর্মী বরিশাল কোতয়ালী থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুলের সঙ্গে যোগসাজশে নাসিরকে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের সদস্য হিসেবে সাজানোর চেষ্টা করছেন। গ্রেপ্তারের পর পরিবারের কাছে দেড় লাখ টাকা ঘুষ নেওয়া হয় এবং পরে আরও টাকা দাবি করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে জানালে তদন্তকারী কর্মকর্তা এক লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন বলে পরিবারের দাবি।

    গাজী নাসিরের বাবা আবদুর রহিম গাজী বলেন, “আমার ছেলে নির্দোষ। বরিশালের সাগরদী এলাকায় দুই মাস আগে হওয়া ডাকাতির ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। সিসিটিভি ফুটেজের চেহারা, পোশাক ও চলাফেরার সঙ্গে তার কোনো মিল নেই। ঘটনার আগে-পরে দুই মাসেও সে বরিশালে যায়নি। তবু উদ্দেশ্যমূলকভাবে তাকে ধরে এনে কোর্টে না তুলে নির্যাতন ও ঘুষের চাপ দেওয়া হচ্ছে। আমি আমার ছেলের মুক্তি ও দোষীদের বিচার চাই।”

    উল্লেখ্য, বরিশালের সাগরদী এলাকায় তানভির হোসেনের বাসায় ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়। পরিবার বলছে, সেই মামলায় নাসিরকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে।

    এ বিষয়ে বরিশাল কোতয়ালী থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    #

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :