প্রতিনিধি 24 August 2026 , 6:28:37
এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে স্থানীয় তরমুজ চাষি ও গরু খামারি আবুল কালামের তরমুজ খেতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা হামলার ঘটনায় আহত হয়ে সিলেটে চিকিৎসাধীন থাকার সুযোগে দুর্বৃত্তরা তার তরমুজ খেতে হামলা চালায়। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাতে দুর্বৃত্তরা প্রায় ৬০ শতাংশ জমিজুড়ে (দুই কানি) আবাদ করা তরমুজ খেতের অধিকাংশ গাছ উপড়ে ফেলে এবং অনেক তরমুজ নষ্ট করে দেয়। এতে চাষির প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ পরিশ্রম ও ঋণ নিয়ে তারা তরমুজের আবাদ করেছিলেন। ফসল ভালো হওয়ায় লাভের আশাও ছিল। কিন্তু পরিকল্পিতভাবে খেত নষ্ট করে দেওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত খেত ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারিভাবে কৃষি প্রণোদনা ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

















