প্রতিনিধি 19 October 2025 , 4:50:10
ইস্রাফিল খান:গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি


গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যতিক্রমী উদ্যোগে উদ্বোধন হলো একটি মোবাইল শোরুম। এতিম শিশু ও ভিক্ষুকদের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার ঘাঘর বাজারে উদ্বোধন করা হয় ভিভো মোবাইল শোরুমটি। উদ্যোগটি নেন এসকে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. ফারুক হাসান। উদ্বোধনের দিন দোকানে একে একে প্রবেশ করেন অর্ধশতাধিক এতিম শিশু ও ভিক্ষুক। কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি ও কোল্ড ড্রিংকসের প্যাকেট। উপস্থিতদের মুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক। স্থানীয় ব্যবসায়ী ফেরদৌস হোসেন বলেন, “বর্তমান সমাজে ব্যবসার শুরুতেই কেউ এতিম ও ভিক্ষুকদের নিয়ে অনুষ্ঠান করে, এটা সত্যিই বিরল ঘটনা। ফারুক হোসেনের এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাদায়ক।” এতিম শিশু সাকিব (১২) জানায়, “আজকে খুব ভালো লাগছে। আমাদের দোয়া করতে বলেছে, তারপর খাওয়াও দিয়েছে। অনেকদিন পর এমন খাবার খেলাম।” ভিক্ষুক জোলেখা বেগম (৫৫) বলেন, “আমাগো কেউ কহনও দাওয়াত দেয় না। তয় এহানে যেই সোম্মান পাইছি, তা জীবনেও পাই নাই। আল্লাহ এই দোহানের বরকত দান করুক।” দোয়া মাহফিল পরিচালনা করেন ঘাঘর ডাকবাংলা মসজিদের ইমাম মাওলানা আব্দুস কুদ্দুস। তিনি বলেন, “দোয়া ও কল্যাণের মাধ্যমে ব্যবসা শুরু করা ইসলামসম্মত ও বরকতময় কাজ। আল্লাহ যেন উদ্যোক্তাকে সফলতা দান করেন।” কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “এমন আয়োজন সমাজে মানবিকতার বার্তা দেয়। ব্যবসা যদি মানুষের কল্যাণে হয়, তবে সেটাই প্রকৃত সাফল্য।” উদ্যোক্তা মো. ফারুক হাসান বলেন, “ব্যবসা শুরু মানেই শুধু মুনাফা নয়, সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করা উচিত। তাই উদ্বোধনের দিনটা ভাগাভাগি করেছি সেইসব মানুষের সঙ্গে, যারা সমাজের অবহেলিত। তাদের মুখে হাসি দেখতে পারাটাই আমার সবচেয়ে বড় আনন্দ।” ঘাঘর বাজারে এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রশংসা করছেন ফারুক হাসানের এই ব্যতিক্রমী আয়োজনের।

















