• জাতীয়

    মাধবপুরে অভিমানে গলায় ফাঁস, ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

      প্রতিনিধি 4 August 2026 , 5:50:04

     এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আরাফাত (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খবর পেয়ে বিকেলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত আরাফাত বদরুল ইসলামের ছেলে। তাদের স্থায়ী বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে। জীবিকার প্রয়োজনে পরিবারটি দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার রতনপুর বাজার সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরাফাতের বাবা বদরুল ইসলাম বড় মেয়ের জন্য পাত্র দেখতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যান। এ সময় আরাফাতও তাদের সঙ্গে যাওয়ার জন্য জোরাজুরি করে। কিন্তু তাকে সঙ্গে নেওয়া না হলে সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান করে শিশুটি গলায় ফাঁস দিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :