প্রতিনিধি 17 March 2026 , 11:06:10
এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফেরদৌসা আক্তার (২৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা–সিলেট মহাসড়কের নোয়াপাড়া শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা ও আজিজুল হকের স্ত্রী ফেরদৌসা আক্তার রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগতির এনা পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত ফেরদৌসা আক্তার স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ মেম্বারের চাচাত ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও হবিগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

















