• জাতীয়

    মাধবপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

      প্রতিনিধি 10 March 2026 , 12:33:27

    এম এ কাদের, হবিগঞ্জ প্রতিনিধি :

    হবিগঞ্জের মাধবপুর সীমান্তে পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করে। বিজিবি সূত্র জানায়, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক দেশে প্রবেশের চেষ্টা চলছে। পরে রাত প্রায় ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে রামনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা মাদক এনে সীমান্তবর্তী জঙ্গলে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এদিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে চোরাকারবারীরা ভারত থেকে ৫টি গরু এনে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখে। খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করে। বিজিবি আরও জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও গরু আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। ৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    নোটিশ :